বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

লাইন ধসে বিপর্যস্ত রেল পরিষেবা, উত্তরবঙ্গের বাসে বাড়ছে ভিড়

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬
লাইন ধসে বিপর্যস্ত রেল পরিষেবা, উত্তরবঙ্গের বাসে বাড়ছে ভিড়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: ফরাক্কা জংশন স্টেশনে ঢোকার মুখে বিপত্তি। আপ লাইনের নীচের মাটি আচমকা বসে যাওয়ায় বুধবার রাত থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে ট্রেন চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। যার জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দূরপাল্লার যাত্রীরা। ট্রেনের এই অচলাবস্থার জেরে অনেকেই বাধ্য হয়ে সড়কপথকে বেছে নিচ্ছেন। ফলে কলকাতা-শিলিগুড়িগামী বাসগুলিতে ভিড় ক্রমশ বাড়ছে। শুক্রবার সকাল থেকেই বহরমপুরের বাস টার্মিনাসগুলিতে যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে।
নিত্যযাত্রীদের দাবি, অন্যান্য সাধারণ দিনের তুলনায় এদিন বাসে তিল ধারণের জায়গা ছিল না। ফেডারেশন অব বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও মেনে নেওয়া হয়েছে যে, ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কারণেই স্বাভাবিক ভাবে বাসে চাপ বেড়েছে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি হাতের বাইরে চলে যায়নি বলেই তাদের দাবি। বহরমপুরের এক বাস মালিক নির্মল কুমার সাহা বলেন, “অন্যদিনের তুলনায় এদিন বাসে ভিড় যথেষ্ট বেশি ছিল। রেলপথের সমস্যার কারণেই এই বাড়তি চাপ। পাশাপাশি সপ্তাহের ছুটির দিন (উইকএন্ড) হওয়ায় অনেকেই বাড়ির পথ ধরেন, সেই কারণেও ভিড় হয়ে থাকতে পারে। তবে যাত্রীদের সুবিধার্থে বাসের ভাড়া কোনওরকম বৃদ্ধি করা হয়নি।

কলকাতা থেকে আসা এক ট্রেনযাত্রী মাঞ্জারুল ইসলাম জানান, আমি কলকাতা থেকে বহরমপুর পর্যন্ত ট্রেনে আসতে পেরেছি। কিন্তু এরপর জঙ্গিপুর যাওয়ার জন্য আমাকে বাসের ভরসা নিতে হচ্ছে। বাসে প্রচণ্ড ভিড়। ট্রেনে যাতায়াতের সমস্যার কারণেই মানুষ এখন বাসমুখী হচ্ছেন। রেলের তরফে যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ চললেও, কখন পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ফলে সড়কপথেই আপাতত ভরসা খুঁজছেন আমজনতা।