রাজ্য
কলেজ শিক্ষকদের বদলি এবার অনলাইন পোর্টালে
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: স্কুল শিক্ষকদের পর এবার রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য বড় সুখবর। কলেজে বদলি প্রক্রিয়াতে আরও বেশি গতি ও স্বচ্ছতা আনতে এক বিরাট পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। সাধারণ বদলি (নর্মাল ট্রান্সফার) এবং আপস বদলি (মিউচুয়াল ট্রান্সফার)— উভয়ের জন্যই উচ্চশিক্ষা দপ্তরের তরফে খুব শীঘ্রই একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে। এই বিষয়ে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, এতদিন পর্যন্ত রাজ্যের স্কুল শিক্ষকদের জন্যই মূলত অনলাইন পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করার সুব্যবস্থা ছিল। কিন্তু সরকারি কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীদের বদলির ক্ষেত্রে এই ডিজিটাল সুবিধা ছিল না। তাঁদের অফলাইনে বা সরাসরি দপ্তরে আবেদন করতে হতো, যা ছিল বেশ সময়সাপেক্ষ। নতুন এই অনলাইন ব্যবস্থা চালু হলে শিক্ষকেরা ঘরে বসেই পোর্টালের মাধ্যমে সরাসরি বদলির জন্য আবেদন জানাতে পারবেন। এর ফলে গোটা ব্যবস্থাটি সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে এবং আবেদনের কোনো হার্ড কপি দপ্তরে জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। সমস্ত জরুরি তথ্য ও নথিপত্র অনলাইনেই আপলোড করা যাবে।
উচ্চশিক্ষা দপ্তরের এক আধিকারিক জানান, এই পোর্টাল চালুর মূল উদ্দেশ্য কেবল বদলি প্রক্রিয়াকে সহজ বা স্বচ্ছ করা নয়। বরং এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি কলেজগুলিতে পড়ুয়া এবং শিক্ষকের সঠিক অনুপাত বজায় রাখা সম্ভব হবে। কোথায় কত পদ খালি রয়েছে, তা এই পোর্টালের মাধ্যমে সহজেই নজরে রাখা যাবে। জানা গিয়েছে, নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে বদলির আবেদন সাধারণত বছরে দু'বার অর্থাৎ ছ' মাস অন্তর গ্রহণ করা হবে। স্বচ্ছ ও পরিকল্পিতভাবে বদলি প্রক্রিয়া পরিচালনার জন্যই এই পোর্টাল চালু করা হবে এমন নয়। পড়ুয়া এবং শিক্ষক অনুপাত বজায় রাখার উদ্দেশ্যেও এই পোর্টাল চালু করা হবে বলে জানা গিয়েছে।

