বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে কুশমণ্ডির কাঠের মুখোশ উপহার দেওয়া হবে 

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬
মুখ্যমন্ত্রী শুভেন্দুকে কুশমণ্ডির কাঠের মুখোশ উপহার দেওয়া হবে 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী ও জিআই (GI) স্বীকৃত কুশমণ্ডির বিখ্যাত কাঠের মুখোশ এবার উপহার হিসেবে তুলে দেওয়া হতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। মুখ্যমন্ত্রীর আসন্ন জেলা সফরকে কেন্দ্র করে এই বিশেষ উদ্যোগ নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। প্রশাসন সূত্রের খবর, এই রাজকীয় উপহারের জন্য কুশমণ্ডির মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি থেকে ইতিমধ্যেই একটি আকর্ষণীয় মুখোশ সংগ্রহ করা হয়েছে।

দক্ষিণ দিনাজপুরের সংস্কৃতির অন্যতম বড় প্রতীক হলো এই কুশমণ্ডির কাঠের মুখোশ, যা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত। গ্রামীণ শিল্পীদের নিপুণ হাতে গামারি কাঠ খোদাই করে তৈরি এই মুখোশগুলি মূলত রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী 'গমিরা' নৃত্যে ব্যবহার করা হয়। এই প্রাচীন লোকশিল্পকে সম্মান জানাতে এবং মুখ্যমন্ত্রীর জেলা সফরকে স্মরণীয় করে রাখতেই প্রশাসনের এই পরিকল্পনা। এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতেও দক্ষিণ দিনাজপুরের এই ঐতিহ্যবাহী কাঠের মুখোশ উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছিল।
প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জেলাজুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। মহিষবাথান সমবায় সমিতির শিল্পীরা অত্যন্ত যত্ন সহকারে এই বিশেষ মুখোশটি তৈরি করেছেন। জেলা প্রশাসনের এই উদ্যোগে অত্যন্ত খুশি স্থানীয় হস্তশিল্পীরা। তাঁদের মতে, মুখ্যমন্ত্রীর হাতে এই মুখোশ তুলে দেওয়ার ফলে কুশমণ্ডির এই প্রাচীন কাষ্ঠশিল্পের প্রচার আরও বৃদ্ধি পাবে এবং বিশ্বদরবারে এর চাহিদা আরও তৈরি হবে। নতুন সরকারের এই পদক্ষেপে গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটবে বলেও আশাবাদী শিল্পমহল।