বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ভুয়ো সিভিকদের ছাঁটাই প্রক্রিয়া শুরু করল পুলিশ

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬
ভুয়ো সিভিকদের ছাঁটাই প্রক্রিয়া শুরু করল পুলিশ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিন ধরে কাজে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলে নেওয়া সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ শুরু করল রাজ্য পুলিশ। ইতিমধ্যেই রাজ্যজুড়ে এই ধরনের সিভিক কর্মীদের ‘ঝাড়াই-বাছাই’য়ের কাজ শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ভুয়ো, কাজে অনুপস্থিত এবং পারফরম্যান্সহীন সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা মোট কর্মীর প্রায় ৩০ শতাংশ। এই বিপুল সংখ্যক কর্মীকে চিহ্নিত করে এবার তাঁদের নাম রেজিস্টার খাতা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বারাকপুর পুলিশ কমিশনারেট ইতিমধ্যেই এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে ভুয়ো ও অনুপস্থিত সিভিকদের নাম রেজিস্টার থেকে মুছে ফেলার কাজ শুরু হয়েছে। পুলিশ কর্তাদের তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, এই সমস্ত সিভিক ভলেন্টিয়াররা সকলেই আগের শাসকদল তৃণমূলের সক্রিয় সদস্য ছিলেন। খাতায়-কলমে তাঁদের প্রতিদিন ডিউটি দেখানো হলেও বাস্তবে তাঁরা কোনওদিনই কাজে যেতেন না। দলের কাজ করার পাশাপাশি এদের অনেকেরই নিজস্ব ব্যক্তিগত ব্যবসা রয়েছে। বারাকপুরের পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও এই ছাঁটাই প্রক্রিয়া জোরকদমে চলছে।
একই সঙ্গে, অস্তিত্বহীন ভুয়ো সিভিক ভলেন্টিয়ারদের চিহ্নিত করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি অবিলম্বে ব্লক বা ফ্রিজ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। এই ভুয়ো অ্যাকাউন্টগুলি ব্যাঙ্ক কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে ঠিক কে বা কারা খুলেছিল এবং বেতনের টাকা কার পকেটে যাচ্ছিল, তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, সরকারি কোষাগারের টাকা বাঁচাতে এবং পুলিশ প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতেই রাজ্য সরকারের এই কড়া পদক্ষেপ। তবে একই সঙ্গে শাসকদলের সঙ্গে যুক্ত কর্মীদের নাম এই তালিকায় থাকায়, বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।