যাত্রীবাহী অটোতে আগ্নেয়াস্ত্র পাচারের ছক বানচাল, ১০টি আগ্নেয়াস্ত্র সহ ২ যুবক গ্রেপ্তার
রিচা দত্ত, মুর্শিদাবাদ: পুলিশের চোখে ধুলো দিতে যাত্রীবাহী অটোতে চেপে অভিনব কায়দায় আগ্নেয়াস্ত্র পাচারের পরিকল্পনা। সেই পরিকল্পনাই বানচাল করে দিল সামসেরগঞ্জ থানার পুলিশ। উদ্ধার হল ১০টি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড গুলি, গ্রেপ্তার ২।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে সামসেরগঞ্জের তারাপুর হাসপাতাল সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক এলাকায় অভিযান চালায় সামসেরগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আইসি কুনাল কান্তি দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সেখান থেকেই মালদা জেলার দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম বিশ্বজিৎ মন্ডল ও অক্ষয় মন্ডল। দুজনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়।
পুলিশের প্রাথমিক অনুমান, মালদার দিক থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে মুর্শিদাবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গন্তব্যে পৌঁছনোর আগেই পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
এদিন দুপুরে সামসেরগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে গোটা অভিযানের বিস্তারিত তথ্য জানান জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকরা। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, ফারাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং, সামসেরগঞ্জ থানার আইসি কুনাল কান্তি দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর পিছনে বড় কোনও চক্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস ও গন্তব্য সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে।

