হট টপিক
গাড়ি-জমি থাকলেই ব্লক হবে রেশন কার্ড? প্রশ্ন পুরুলিয়ায়
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: নিজের নামে চারচাকা গাড়ি কিংবা আড়াই একর চাষের জমি থাকলেই এবার সন্দেহভাজনের তালিকায় নাম উঠবে রেশন গ্রাহকদের। শুধু তাই নয়, কোনও কোম্পানির ডিরেক্টর পদে থাকলে কিংবা বছরে ২৫ লক্ষ টাকার জিএসটি টার্নওভার থাকলেও আর মিলবে না সাধারণ রেশনের সুবিধা। রাজ্য খাদ্যদপ্তর থেকে পাঠানো এমনই এক নয়া এসওপি (SOP) বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ঘিরে পুরুলিয়া জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই নির্দেশিকা কার্যকর হতেই জেলায় ইতিমধ্যেই ৩ হাজার ২০০ জন রেশন গ্রাহকের কার্ড সাময়িকভাবে ব্লক করে দিয়েছে প্রশাসন।
জেলা খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, নবান্ন থেকে আসা এই নির্দেশিকাটি সরাসরি কোনও কড়া সরকারি আদেশনামা হিসেবে না এলেও, এই এসওপি মেনেই এখন জেলা স্তরে কাজ শুরু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, পিএম কিষান (PM-Kisan) প্রকল্পে নথিভুক্ত যে সমস্ত কৃষকের আড়াই একর বা তার বেশি জমি রয়েছে, তাঁদের নাম ‘সন্দেহজনক গ্রাহক’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। একই সঙ্গে, যাঁদের নিজস্ব চারচাকা গাড়ি, মালবাহী গাড়ি বা অন্য কোনও বড় গাড়ি রয়েছে, তাঁরাও এই তালিকায় পড়ছেন। পাশাপাশি, ছোট-বড় যে কোনও কোম্পানির ডিরেক্টর এবং ২৫ লক্ষ টাকা বা তার বেশি জিএসটি টার্নওভার যুক্ত ব্যবসায়ীদের রেশন কার্ডও সাময়িকভাবে ব্লক করার প্রক্রিয়া শুরু হয়েছে।
খাদ্যদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, পুরুলিয়া জেলায় চিহ্নিত হওয়া এই ৩ হাজার ২০০ জন গ্রাহকের নথি ও আয়ের উৎস নতুন করে যাচাই করা হবে। তদন্তের পর যদি দেখা যায় তাঁরা সত্যিই আর্থিক দিক থেকে সচ্ছল এবং রেশনের উপযুক্ত নন, তবে তাঁদের কার্ড স্থায়ীভাবে বাতিল করে দেওয়া হবে। আর যদি উপযুক্ত প্রমাণ মেলে, তবেই পুনরায় কার্ড চালু করা হতে পারে।
রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, ভুয়ো এবং সচ্ছল গ্রাহকদের বাদ দিয়ে প্রকৃত দরিদ্র মানুষের কাছে রেশনের সুবিধা পৌঁছে দিতেই রাজ্য সরকারের এই কড়া পদক্ষেপ। তবে আচমকা এই ঝাড়াই-বাছাইয়ের ফলে গ্রামীণ এলাকার বহু সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

