হট টপিক
NEET-বিতর্ক, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: NEET-UG পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরবর্তীতে যন্তরমন্তরের আন্দোলন ঘিরে এখনও উত্তাল দেশের রাজধানী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এখনও নিজেদের অবস্থানে সম্পূর্ণ অনড় রয়েছে ‘কাকরোচ জনতা পার্টি’ বা সিজেপি। এই চরম অচলাবস্থার মাঝেই বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সিজেপি নেতাদের দ্বিতীয় দফার একটি হাইপ্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আন্দোলনকারীদের তরফে দাবি করা হয়েছে, তাঁদের মূল দাবিগুলি বিবেচনার জন্য আগামী শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র। সরকারের এই বার্তার পরই জাতীয় রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।
দিল্লির সংবিধান ক্লাবে প্রায় দু’ঘণ্টা ধরে চলা এই ম্যারাথন বৈঠক শেষে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, তাঁদের মূল তিনটি দাবির মধ্যে দুটিতে ইতিমধ্যেই নীতিগত সায় দিয়েছে মোদী সরকার। প্রথমত, প্রশ্নফাঁস বিতর্কের জেরে মানসিক অবসাদে মৃত NEET পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত, যন্তরমন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের দায়ের করা সমস্ত এফআইআর ও আইনি মামলা অবিলম্বে তুলে নিতে হবে। এই দুটি বিষয়ে কেন্দ্র রাজি হয়েছে বলে দাবি সিজেপির।
তবে সিজেপি সাফ জানিয়ে দিয়েছে, তাঁদের তৃতীয় তথা প্রধান দাবি অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ অলোচনা সাপেক্ষে 'নন-নেগোশিয়েবল' বা আপসহীন। এই দাবিতে কোনওরকম শর্ত মানবে না প্রতিবাদী সংগঠনটি। শিক্ষামন্ত্রীর ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে একচুলও নড়বে না ছাত্র সমাজ। এখন দেখার, শনিবার দুপুরের মধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই জট কাটাতে কী চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়।

