হট টপিক
মেমারিতে নাবালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬
নুর আহমেদ, মেমারি: এক নাবালিকাকে তার বাপের বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নির্জন স্থানে নির্যাতন চালানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে তবে তার বন্ধু ঘটনায় উপস্থিত বা সাহায্যের কাজে জড়িত থাকায় তাকেও গ্রেফতার করে পুলিশ । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া এলাকায়। এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্ত স্বামী শেখ সম্রাট এবং তাকে সাহায্য করার অভিযোগে বন্ধু শেখ রাজাকে গ্রেফতার করেছে। ওই নাবালিকার সঙ্গে অভিযুক্তের বিয়ে হয়েছিল সামাজিক মতে বলে জানা গেছে। কিন্তু পারিবারিক অশান্তির জেরে ওই নাবালিকা বাপের বাড়িতেই থাকতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১ দিন আগের রাতে ওই নাবালিকাকে তার বাপের বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় এবং নিকটবর্তী একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। অভিযোগের আঙ্গুল ওঠে ওই যুবতির স্বামী শেখ সম্রাটের দিকে। এই কাজে সম্রাটকে সরাসরি মদত ও সহায়তা করে তার বন্ধু শেখ রাজা। ঘটনার পর নির্যাতিতা ও তার পরিবারের পক্ষ থেকে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তদন্তে নামে মেমারি থানার পুলিশ। গতকাল রাতে সাতগেছিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শেখ সম্রাট ও শেখ রাজাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। ধৃতদের বিরুদ্ধে পকসো (POCSO) আইনসহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ, বৃহস্পতিবার সকালে তাদের বর্ধমান আদালতে পাঠানো হয়। ঘটনার বিস্তারিত তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের ৫ দিনের পুলিশি হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছেন তদন্তকারী অফিসার।
এই বিষয়ে গ্রেফতার হওয়া শেখ সম্রাটের পরিবারের এক মহিলা বলেন—
"আমার ভাই যদি সত্যি কোনো অন্যায় বা অপরাধ করে থাকে, তবে আইনের বিধান অনুযায়ী তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। আর যদি সে নির্দোষ হয়, তবে সঠিক তদন্তের মাধ্যমে সত্য সামনে আসুক।"
বর্তমানে ঘটনার আসল সত্য উদঘাটন করতে তদন্ত প্রক্রিয়া জারি রেখেছে মেমারি থানার পুলিশ।

