বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পড়ুয়ারা মাতৃভাষা না জানলে শাস্তির মুখে শিক্ষকরা, কড়া বার্তা স্কুল শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬
পড়ুয়ারা মাতৃভাষা না জানলে শাস্তির মুখে শিক্ষকরা, কড়া বার্তা স্কুল শিক্ষামন্ত্রীর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয় শ্রেণীর কোনো পড়ুয়া যদি নিজের মাতৃভাষা ঠিকমতো লিখতে বা পড়তে না পারে, তবে তার দায় নিতে হবে স্কুলের শিক্ষকদেরই। এই গাফিলতির জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের কড়া শাস্তির মুখেও পড়তে হতে পারে। রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটায় আরএসএস (RSS)-এর শিক্ষক সংগঠনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই বড় ঘোষণাটি করলেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মণ।

মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এবার থেকে ছাত্রছাত্রীদের শিক্ষার মান দিয়েই যাচাই করা হবে শিক্ষকদের যোগ্যতা। রবিবার ফালাকাটা হাইস্কুলে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের ফালাকাটা সার্কেলের ‘সংগঠন পরিচিতি বর্গ’ অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় দীপক বর্মণ বলেন, “আমরা রাজ্যের প্রত্যেকটি স্কুলে শিক্ষা সংক্রান্ত অডিট করব। এই অডিটে মূলত দেখা হবে ক্লাস থ্রির বাচ্চারা মাতৃভাষায় লিখতে ও পড়তে পারছে কি না। পরীক্ষায় বাচ্চারা অনুত্তীর্ণ হলে শিক্ষকদের শাস্তি পেতে হবে। আর পড়ুয়ারা ভালো ফল করলে শিক্ষকরাই পুরস্কৃত হবেন।”
রাজ্য শিক্ষা দপ্তরের এই নতুন সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়গুলির পঠনপাঠনের পদ্ধতিতে এক বড়সড় বদল আসতে চলেছে। অনেক সময়ই সরকারি স্কুলগুলির শিক্ষার মান নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। সেই খামতি দূর করতেই এবার সরাসরি শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে। এই পরিচিতি বর্গের অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি বাসুদেব দত্ত, জেলার যুগ্মসম্পাদক সুমন্ত সিংহ এবং জেলা হিসাব পরীক্ষক প্রান্তিক দে-সহ অন্য শিক্ষাব্রতী ও নেতৃত্বরা। শিক্ষা দপ্তরের এই কড়া পদক্ষেপের পর রাজ্যের প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো এবং শিক্ষকদের দায়িত্বশীলতা কতটা বাড়ে, এখন সেটাই দেখার।