হট টপিক
পানীয় জল মেলে না মানকরে, ক্ষুব্ধ স্থানীয়রা
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পানীয় জলের সমস্যা মেটাতে মানকরের স্বর্ণকার পাড়ায় সোলার সাবমার্সিবল তৈরি করা হয়েছিল। কিন্তু অভিযোগ হাতে গোনা কয়েকদিন জল পড়লেও তারপর থেকে বন্ধ হয়ে রয়েছে ওই প্রকল্প। ফলে সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দাদের একাংশ। বিষয়টি নিয়ে গলসি-১ ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মারিক বলেন, খোঁজ নিয়ে দেখছি। অবশ্যই ব্যবস্থা করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানকরে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। বহুবার আবেদন করেও লাভ হয়নি। এমনকি আগের জামানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মসূচিতে মানকরে এসেছিলেন। সেই সময় এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে তাঁকে জলের সমস্যার কথা তুলে ধরা হয়। পরবর্তীকালে এলাকার ব্যক্তিরা দিদিকে বলোতেও ফোন করে সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু কোন লাভ হয়নি।
বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকার অনেকের বাড়িতেই রয়েছে জলের লাইন। দীর্ঘদিন আগে সেই লাইন দেওয়া হয়েছে। প্রথম কয়েকদিন জল পড়লেও ধীরে ধীরে তা বন্ধ হয়ে যায়। একই পরিস্থিতি স্বর্ণকার পাড়ায় এই প্রকল্পের। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা বলেন, প্রথম কয়েকদিন জল উঠলেও পরে মেশিন খারাপ হয়ে যায়। পঞ্চায়েতে জানিয়েও লাভ হয়নি। ভোটের আগে থেকে এই সমস্যা চলছে। এদিন এলাকায় গিয়ে দেখা গেল জল প্রকল্পের জায়গায় পুজো অর্চনার জন্য ব্যবহার করা হচ্ছে।
সিপিএম নেতা সমীর চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল আমলে পরিকল্পনাবিহীনভাবে কাজ হয়েছে। তার সঠিক রক্ষণাবেক্ষণ হয়নি। মানুষের ট্যাক্সের টাকায় কাজ অথচ মানুষ পরিষেবা পাচ্ছে না। কংগ্রেস নেতা তপনকুমার বিশ্বাস বলেন, শুধু ওইপাড়ায় নয় এলাকায় একাধিক সোলার সাবমার্সিবল কোনোরকমে চলছে। মানকরের বাসিন্দাদের জলকষ্ট আগে যেমন ছিল তেমনই আছে। স্টেশন বাজারের অনেক বাড়িতে পাইপলাইন আজও দেওয়া হয়নি। অথচ বহুবার আবেদন করা হয়েছে। তবে বিজেপি নেতা সুজিত বিশ্বাস বলেন, যদি মেশিন খারাপ হয়ে থাকে দ্রুত সারানোর ব্যবস্থা করা হবে। না হলে ওই এলাকায় নতুন সাবমার্সিবলের ব্যবস্থা করা হবে।

