বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বিদ্যাসাগরের বানান ভুল, পুরস্কার ফেরানোর দাবি মালদহে

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬
বিদ্যাসাগরের বানান ভুল, পুরস্কার ফেরানোর দাবি মালদহে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ‘সহজপাঠ’ কার লেখা? উত্তর জানা নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুরো নাম কী? আমতা আমতা করে সেটাও শেষ পর্যন্ত বলতে পারলেন না। এখানেই শেষ নয়, ব্ল্যাকবোর্ডে লিখতে বলা হলে বিদ্যাসাগরের নামের বানান তিনি লিখলেন ‘ইশ্বরচন্দ্র বিদ্যাসগর’। আর বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়, জানতে চাওয়া হলে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিলেন— বর্ধমান!

যিনি এই কাণ্ড ঘটালেন, তিনি যেমন তেমন কেউ নন। পুরাতন মালদহের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। নাম তনয় মিশ্র। দেশের এবং রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষীকে নিয়ে একজন প্রধান শিক্ষকের এমন চরম অজ্ঞতায় স্তম্ভিত শিক্ষামহল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বর্তমানে মালদহ জেলাজুড়ে তীব্র সমালোচনার ঝড় বইছে।
সবচেয়ে শোরগোল পড়েছে অন্য একটি কারণে। জানা গিয়েছে, এই শিক্ষক মহাশয়কে কিছুদিন আগেই ‘বিদ্যাসাগর সম্মান’ দেওয়া হয়েছিল। একজন শিক্ষক হয়ে যিনি বিদ্যাসাগরের নামের বানান ভুল লেখেন কিংবা যিনি জানেন না বিদ্যাসাগর কোন জেলায় জন্মগ্রহণ করেছেন, তিনি কীভাবে এই সম্মান পান— তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। ইতিমধ্যেই জেলাজুড়ে দাবি উঠেছে, অবিলম্বে তাঁর কাছ থেকে ওই ‘বিদ্যাসাগর সম্মান’ ফিরিয়ে নেওয়া হোক। এই ঘটনাটি শিক্ষা দফতরের অন্দরেও চরম অস্বস্তি তৈরি করেছে।
এই গোটা বিষয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা নড়েচড়ে বসেছেন। মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক (ডিপিইও) মলয় মণ্ডল এবং অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) সপ্তর্ষি নাগ জানান, তাঁরা বিষয়টি শুনেছেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। একজন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের এই ধরনের আচরণ এবং অজ্ঞতার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটাই দেখার।