বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

সিটি সেন্টারে মেট্রোর পিলারে ফাটল

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬
সিটি সেন্টারে মেট্রোর পিলারে ফাটল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কবি সুভাষের পর এবার সল্টলেকের গ্রিন লাইনের সিটি সেন্টার মেট্রো স্টেশনের একটি পিলারে বড় ফাটল দেখা গেল। বুধবার সকালে মেট্রো কর্তৃপক্ষ এই ফাটলের খবর পান। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পাঠানো হয় মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার, সিনিয়র আধিকারিক এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের একটি উচ্চপর্যায়ের দল। দীর্ঘক্ষণ তাঁরা আক্রান্ত পিলারটি খুঁটিয়ে পরীক্ষা করেন। 

ইঞ্জিনিয়াররা মিস্ত্রিদের দিয়ে প্রথমে পিলারের ওপরের প্লাস্টার চটিয়ে ফেলেন। ওপরের স্তর সরানোর পর দেখা যায়, ফাটলটি বেশ চওড়া। তবে দীর্ঘক্ষণ পরীক্ষার পর মেট্রো রেলের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, এই ফাটলটি আসলে 'ক্ল্যাডিং'-এ হয়েছে, অর্থাৎ এটি পিলারের বাইরের দিকের একটি আবরণের ফাটল। এটি মেট্রো স্টেশনের মূল পরিকাঠামো বা কাঠামোগত সুরক্ষার কোনও ক্ষতি করেনি। স্টেশনটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং গ্রিন লাইনে মেট্রো পরিষেবাও একদম স্বাভাবিক রয়েছে। 
মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কন্নন সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, সিটি সেন্টার স্টেশনে পিলারে ফাটলের বিষয়টি জানার পরেই তাঁদের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছে। যাত্রীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই এবং দ্রুত ওই ফাটলটি মেরামতের কাজ শুরু হবে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। তবে বছরখানেক আগে ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দেওয়ায় পরিষেবা বন্ধ করতে হয়েছিল। সেই স্মৃতি উস্কে এদিন সিটি সেন্টারের ঘটনা ছড়াতেই নিত্যযাত্রীদের মধ্যে সাময়িক উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়।