বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বর থেকে উধাও আস্ত অ্যাম্বুল্যান্স, চাঞ্চল্য

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬
জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বর থেকে উধাও আস্ত অ্যাম্বুল্যান্স, চাঞ্চল্য
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: সুরক্ষিত হাসপাতাল চত্বর থেকেই উধাও হয়ে গেল আস্ত একটি অ্যাম্বুল্যান্স! মঙ্গলবার সকালে ঘটনাটি নজরে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বরে। যেখানে রাতদিন নিরাপত্তাকর্মী থেকে সাধারণ মানুষের যাতায়াত, সেখান থেকে একটি জরুরি পরিষেবা প্রদানকারী চারচাকার গাড়ি কীভাবে চুরি হয়ে গেল, তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার জেরে চরম উৎকণ্ঠায় রয়েছেন গাড়ির মালিক ও চালক। খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুরি যাওয়া অ্যাম্বুল্যান্সটির মালিক রঘুনাথগঞ্জের দরবেশপাড়ার বাসিন্দা ফরিদা বিবি। প্রতিদিনের মতোই সোমবার রাতে ফরিদা বিবির স্বামী আরসাদ শেখ সাদা রঙের অ্যাম্বুল্যান্সটি চালিয়ে এনে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বরে নির্দিষ্ট স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখেন। এরপর গাড়িটি লক করে তিনি বাড়িতে চলে যান। মঙ্গলবার সকালে হাসপাতালে এসে তিনি দেখেন, যেখানে গাড়িটি রেখে গিয়েছিলেন, সেখানে সেটি নেই!

প্রথমে ভেবেছিলেন হয়তো অন্য কোনও চালক বা পরিচিত কেউ প্রয়োজনে গাড়িটি সরিয়ে নিয়ে গিয়েছেন। কিন্তু হাসপাতাল চত্বর ও আশপাশের সমস্ত এলাকা খোঁজার পরও অ্যাম্বুল্যান্সটির কোনও হদিস মেলেনি। শেষমেশ স্পষ্ট হয়ে যায়, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা গাড়িটি চুরি করে চম্পট দিয়েছে। সিসি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে বলেও জানা গিয়েছে।

স্থানীয়দের দাবি, জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বরে চুরি-ছিনতাইয়ের ঘটনা এই প্রথম নয়। এর আগেও হাসপাতাল চত্বরের গ্যারেজ ও আশপাশের এলাকা থেকে একাধিক বাইক, সাইকেল সহ রোগীর টাকা ও জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল চত্বরের মতো একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত জায়গা থেকে খোদ অ্যাম্বুল্যান্স চুরির ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ভুক্তভোগী থেকে সাধারণ রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা।

ঘটনার পর অ্যাম্বুল্যান্সটির মালিক ফরিদা বিবি রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতাল চত্বরের ও বাইরের রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে হাসপাতাল চত্বরের মতো সুরক্ষিত এলাকা থেকে এইভাবে আস্ত একটি অ্যাম্বুল্যান্স উধাও হয়ে যাওয়ার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের ভূমিকা নিয়েও নানা গুঞ্জন শুরু হয়েছে।