হট টপিক
বারুইপুরের পর জয়নগর, এবার বৃদ্ধাকে ধর্ষণ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের এনকাউন্টার নিয়ে যখন তোলপাড় রাজ্য, ঠিক তখনই দক্ষিণ ২৪ পরগনা জেলায় ফের এক নৃশংস ধর্ষণের ঘটনা ঘটল। এবার পাশবিক অত্যাচারের শিকার হলেন ৬৫ বছরের এক বৃদ্ধা। আশঙ্কাজনক ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জয়নগরের বকুলতলা থানার ময়দা দক্ষিণপাড়া এলাকায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ওই বৃদ্ধা বাড়ির কাছে একটি বাগানে ঘাস কাটতে গিয়েছিলেন। নির্জন বাগানে তাঁকে একা পেয়ে এলাকারই এক যুবক তাঁর ওপর চড়াও হয়। অভিযোগ, বৃদ্ধার মুখ ও গলা চেপে ধরে তাঁকে নির্মমভাবে ধর্ষণ করে ওই অভিযুক্ত। পাশবিক অত্যাচারের জেরে ঘটনাস্থলেই জ্ঞান হারান বৃদ্ধা।
এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও বৃদ্ধা বাড়ি না ফেরায় উদ্বেগ বাড়ে পরিবারের সদস্যদের। চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। অবশেষে সন্ধ্যার দিকে ওই বাগানের ঝোপের মধ্য থেকে তাঁকে অচৈতন্য এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এই ঘটনার পর রাতেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বকুলতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বারুইপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই জয়নগরের এই ঘটনায় জেলা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এলাকার নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

