হট টপিক
বহরমপুর রবীন্দ্রসদনে লঘু উদ্যোগ ভারতী উদ্যমী সম্মেলন, শিল্প স্থাপনে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলায় শিল্পায়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে শুক্রবার বহরমপুরের রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হল লঘু উদ্যোগ ভারতী উদ্যমী সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী, যুব-যুবতী এবং শিল্পে আগ্রহী সাধারণ মানুষ এই সম্মেলনে অংশ নেন।
সম্মেলনের মূল লক্ষ্য ছিল জেলার যুবসমাজকে উদ্যোগী হিসেবে গড়ে তোলা, নতুন শিল্প স্থাপনে উৎসাহ প্রদান এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র চাকরির উপর নির্ভর না করে নতুন প্রজন্মকে শিল্প ও ব্যবসার দিকে এগিয়ে আসতে হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পই জেলার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হতে পারে।
আলোচনায় উদ্যোক্তাদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্প, আর্থিক সহায়তা, ঋণ সুবিধা, প্রশিক্ষণ এবং শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার বিষয় তুলে ধরা হয়। উপস্থিত উদ্যোক্তারা জানান, এই ধরনের সম্মেলন নতুনদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ব্যবসা শুরু করার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা পেতে সহায়ক হবে।
আয়োজকদের আশা, নিয়মিত এ ধরনের উদ্যোগের মাধ্যমে মুর্শিদাবাদে আরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠবে। এর ফলে একদিকে যেমন স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে, অন্যদিকে জেলার বহু যুবক-যুবতীর কর্মসংস্থানের নতুন দিগন্তও উন্মোচিত হবে।

