হট টপিক
সভাপতি আসার আগেই বঙ্গ বিজেপিতে বড় রদবদল, বহু বদল
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: বিজেপির সর্বভারতীয় সভাপতি পশ্চিমবঙ্গে আসার ঠিক দু’দিন আগে রাজ্য বিজেপির অন্দরে ঘটে গেল বড়সড় রদবদল। লোকসভা নির্বাচনের পর থেকেই দলে যে সাংগঠনিক পরিবর্তনের জল্পনা চলছিল, শুক্রবার তাতে সিলমোহর দিল রাজ্য নেতৃত্ব। এ দিন যুব মোর্চা এবং মহিলা মোর্চার শীর্ষ পদে বদল আনার পাশাপাশি রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলাতেও নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে, রাজ্য কমিটিতে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি কড়াভাবে কার্যকর করে যে সমস্ত পদাধিকারী বর্তমানে মন্ত্রী হয়েছেন, তাঁদের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি পদে বসার পর থেকেই দফায় দফায় নতুন কমিটি গঠনের কাজ চলছিল। প্রথমে রাজ্য সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্পাদকদের তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর রাজ্য কার্যকারিণী, মিডিয়া সেল, আইটি ও সোশ্যাল মিডিয়া বিভাগের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। গত বৃহস্পতিবারই রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) পদে অমিতাভ চক্রবর্তীর পুনর্নিযুক্তির কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। তার চব্বিশ ঘণ্টার মধ্যেই যুব ও মহিলা মোর্চার মতো গুরুত্বপূর্ণ শাখা সংগঠনের শীর্ষ নেতৃত্ব বদলে দিয়ে বড় চমক দিল বিজেপি।
দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ার পর সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর সহ একাধিক নেতাকে দলের সহ-সভাপতি বা সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে চাঙ্গা করতেই এই রদবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। জেলা স্তরের সভাপতি বদলের যে ইঙ্গিত মিলছিল, এ দিনের ঘোষণায় তা-ও অনেকটাই স্পষ্ট হয়ে গেল। পাশপাশি যে সাতটি জেলায় শুক্রবার সভাপতি বদল করা হয়েছে, সেগুলি হল বনগাঁ, বারাসত, শ্রীরামপুর, আরামবাগ, মেদিনীপুর, বর্ধমান ও কাটোয়া।

