হট টপিক
অঙ্গনওয়াড়ির খিচুড়িতে কিলবিলে পোকা, অন্ধকারে রান্না নিয়ে ক্ষোভ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রান্না করা গরম খিচুড়িতে কিলবিল করছে পোকা! শনিবার সকালে সিমলাপাল পশ্চিম মুসলিম পাড়ার ২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। শিশু ও মায়েদের পুষ্টির জন্য দেওয়া খাবারে এমন অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। তবে গ্রামবাসীর দাবি, এই ঘটনা একেবারেই নতুন নয়। এর আগেও একাধিকবার এই কেন্দ্রের খাবারে পোকা পাওয়া গিয়েছে।
বিক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ অবশ্য এ-ও মেনে নিয়েছেন যে, খাবারে পোকা পড়ার পেছনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরাসরি কোনো গাফিলতি নেই। আসল সমস্যা লুকিয়ে রয়েছে চরম পরিকাঠামোগত অভাবে। এই কেন্দ্রের কর্মী চিন্ময়ী কর্মকার ও সহায়িকা দীপালী পাঠক অসহায়তার কথা স্বীকার করে জানান, তাঁরা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে কাজ করছেন। তাঁদের অভিযোগ, কেন্দ্রের রান্নাঘরটি সম্পূর্ণ অন্ধকার। সেখানে কোনো আলোর ব্যবস্থা বা জানালা পর্যন্ত নেই। প্রতিদিন মোবাইলের আলো জ্বেলে কোনো রকমে রান্নার কাজ সারতে হয়।
এর পাশাপাশি, কেন্দ্রের চারপাশে ঘন ঝোপঝাড় এবং পাশেই নদী থাকায় সাপখোপের আতঙ্ক লেগেই থাকে। এই চূড়ান্ত অস্বাস্থ্যকর এবং ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যেই প্রতিদিন মা ও শিশুদের পরিষেবা দিতে হচ্ছে তাঁদের। অবিলম্বে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের সংস্কার ও আলোর ব্যবস্থা না করা হলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রশাসনের আধিকারিকদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করার দাবি জানিয়েছে ক্ষুব্ধ জনতা।

