বহরমপুর কোর্ট স্টেশনে লোহার পাত ছিটকে আহত ৭, তদন্তে রেল
রিচা দত্ত, মুর্শিদাবাদ: সোমবার দুপুরে বহরমপুর কোর্ট স্টেশনে ঘটল আতঙ্কজনক ঘটনা। শিয়ালদা থেকে আসা লালগোলা আপ ট্রেন স্টেশনে প্রবেশ করার সময় লাইন থেকে একটি লোহার আর্থিং পাত ছিটকে গিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের গায়ে লাগে। ঘটনায় ৭ জন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার সময় বিকট শব্দ হয়। তারপরই লাইন থেকে একটি ভারী লোহার পাত ছিটকে এসে যাত্রীদের ওপর পড়ে। আচমকা এই ঘটনায় প্ল্যাটফর্মে হুড়োহুড়ি শুরু হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মী ও আরপিএফ জওয়ানরা। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ভর্তি রাখা হয়েছে।
এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। যাত্রীদের অভিযোগ, রেলের রক্ষণাবেক্ষণের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। কিভাবে চলন্ত ট্রেনের ঝাঁকুনিতে লোহার পাত খুলে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
রেল সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই বিষয়ে রেলের কোনও উচ্চপদস্থ আধিকারিক কোনো প্রতিক্রিয়া দেননি।
প্রায় এক ঘণ্টা স্টেশনে আতঙ্কের পরিবেশ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতেই রেলের ভূমিকা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

