জেলা
খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু দুর্গাপুজোর প্রস্তুতি, এবারের থিম ‘কাশী বিশ্বনাথ মন্দির’
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল রামপুরহাটের কালি সাড়া আমতালা সর্বজনীন দুর্গাপুজোর প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও অভিনব থিম ও নজরকাড়া প্রতিমা নিয়ে দর্শনার্থীদের চমক দিতে প্রস্তুত পুজো কমিটি। এবারের পুজোর মূল আকর্ষণ ‘কাশী বিশ্বনাথ মন্দির’-এর আদলে তৈরি হতে চলা মণ্ডপ।
রামপুরহাট শহরের অন্যতম পরিচিত এই দুর্গাপুজো কমিটির বয়স মাত্র ১৬ বছর। অল্প সময়ের মধ্যেই নিজেদের স্বতন্ত্র ভাবনা ও নিত্যনতুন থিমের মাধ্যমে শহরবাসীর নজর কেড়েছে এই পুজো। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল, এতদিন পর্যন্ত মূলত মহিলাদের পরিচালনায় পুজোর যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন হয়ে আসত। বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ থেকে শুরু করে পুজোর বিভিন্ন আয়োজন ও ব্যবস্থাপনা—সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কমিটির মহিলা সদস্যরা।
তবে এবছর পুজো পরিচালনায় এসেছে নতুন পরিবর্তন। এবার থেকে পুরুষ ও মহিলা উভয়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হবে এই দুর্গাপুজো। পুজো কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা।। বিধায়ক সভাপতি হওয়ায় এবারের পুজোয় পুরুষ ও মহিলা উভয়ের অংশগ্রহণে আরও বড় পরিসরে দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে।
শুক্রবার নির্দিষ্ট আচার-অনুষ্ঠানের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক সূচনা করা হয়। পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পন্ন করার পর আয়োজিত হয় খুঁটি পুজো। শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা সহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা। তাঁদের উপস্থিতিতেই খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয় এবারের দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের কাজ।
উদ্যোক্তাদের আশা, কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ, নজরকাড়া প্রতিমা এবং বিশেষ আলোকসজ্জা এবছর রামপুরহাট শহরবাসীর পাশাপাশি দূরদূরান্তের দর্শনার্থীদেরও আকর্ষণ করবে। ১৬ বছরের ঐতিহ্যকে সামনে রেখে এবারও দর্শনার্থীদের জন্য বিশেষ কিছু উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কালি সাড়া আমতালা সর্বজনীন দুর্গাপুজো কমিটি।

