পুলিশের গাড়ি থেকে চম্পট দুই বাংলাদেশি যুবকের একজন ধৃত, আরেকজনের খোঁজে তল্লাশি
রিচা দত্ত, মুর্শিদাবাদ: পুলিশ হেফাজত থেকে পালালো দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পলাতক এক যুবককে পুলিশ ধরতে সক্ষম হলেও দ্বিতীয় যুবক এখনও পলাতক। তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণসাইল মোড় এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে। বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়।
এরপর শুক্রবার নিয়ম মেনে ধৃতদের মেডিকেল করিয়ে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। আদালতে নিয়ে যাওয়ার পথে রাস্তায় কোনও কারণে পুলিশের গাড়ি দাঁড়ায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায় দুই যুবক। ঘটনায় হতচকিত হয়ে যায় পুলিশকর্মীরা।
তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পুলিশ এক যুবককে ধাওয়া করে ধরতে সক্ষম হয়। কিন্তু অপর যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনও পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি।
এই ঘটনার পর রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে। পলাতক যুবককে দ্রুত ধরা সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ। অন্যদিকে, পুলিশ হেফাজত থেকে কিভাবে দুই অভিযুক্ত পালালো, তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

