বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

সতেরোতেই মা, গ্রেফতার স্বামী

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬
সতেরোতেই মা, গ্রেফতার স্বামী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: নাবালিকা বিবাহ এবং কম বয়সে মাতৃত্ব রুখতে এবার বেনজিরভাবে কড়া অবস্থান নিল প্রশাসন। নাবালিকা স্ত্রী সন্তান প্রসব করার পর, পকসো (POCSO) আইনে গ্রেফতার করা হলো তার একুশ বছর বয়সী স্বামীকে। পশ্চিম মেদিনীপুর জেলার একটি থানা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত যুবককে বৃহস্পতিবার মেদিনীপুর পকসো আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর দেড়েক আগে ওই নাবালিকার সঙ্গে অভিযুক্ত যুবকের বিয়ে হয়েছিল। গত ৬ সেপ্টেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে বছর সতেরোর ওই বালিকাকে জেলার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানেই সে একটি সন্তানের জন্ম দেয়। বিষয়টি নজরে আসতেই নার্সিংহোমের এক কর্তব্যরত চিকিৎসক তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ বুধবার রাতে নাবালিকার স্বামীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পকসো আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

রাজ্য সরকার আগেই স্পষ্ট জানিয়েছিল যে, নাবালিকা প্রসব করলে তা নির্দিষ্ট আইনের আওতায় এনে অপরাধ হিসাবে গণ্য করা হবে। এই ঘটনা তারই বড় প্রমাণ। জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা সংবাদমাধ্যমকে জানান, “১৭ বছরের একজন নাবালিকা গর্ভাবস্থায় হাসপাতালে এসেছে খবর পেয়েই আমরা ব্যবস্থা নিয়েছি এবং একজনকে গ্রেফতার করেছি। আইন অমান্য করলে এ রকম কড়া পদক্ষেপ সব জায়গাতেই করা হবে।”

মা-বাবা এবং সমাজকে সচেতন করতে পুলিশ সুপার আরও একটি কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, “শুধু মেয়েদের স্বাস্থ্যের জন্যই নয়, জন্ম নেওয়া বাচ্চার স্বাস্থ্যের জন্যও ১৮ বছরের নীচে অন্তঃসত্ত্বা হওয়াটা আমাদের যে ভাবেই হোক বন্ধ করতে হবে। সেই দিকেই এটা আমাদের প্রথম পদক্ষেপ।” প্রশাসনের এই কড়া মনোভাবের পর জেলা জুড়ে নাবালিকা বিয়ে রুখতে সচেতনতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।