জেলা
বারবার লোডশেডিং কেন, প্রশ্ন বিক্ষুব্ধদের
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বর্ধমানঃ ভাদ্র মাসের পচা গরমে মানকরে অস্বস্তি বাড়িয়েছে লোডশেডিং। অভিযোগ, মঙ্গলবার সকাল থেকে একাধিকবার বিদ্যুৎ যাওয়া আসা করেছে এলাকা জুড়ে। বেলা বাড়ার পর টানা লোডশেডিং হয়ে কার্যত নাজেহাল অবস্থা হয় এলাকার বাসিন্দাদের। বিষয়টি নিয়ে বুদবুদ ইলেক্ট্রিক অফিসে আধিকারিককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, মানকর ভট্টাচার্যপাড়ায় কয়েকদিন আগে এগারো হাজার ভোল্ট লাইনে সমস্যা দেখা দিয়েছিল। তারে আগুন ধরে যায়। ট্রান্সফারমারেও আগুন লেগে বাস্ট করে যায়। ফলে বারো ঘন্টারও বেশি সময় কারেন্ট ছিল না। সেদিন ব্যাপক ভোগান্তি হয়েছিল। পানীয় জল সহ নানা সমস্যায় পড়েছিলেন স্থানীয়রা। মঙ্গলবারও সেই ভোগান্তির ছবি দেখা গেল। এদিন সকালে ফের ওই তারে আগুন লেগে যায়। কেন বারবার এই ঘটনা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ স্থানীয়রা।
সূত্রের খবর, আগে খোলা তার ছিল। বিদ্যুৎ দপ্তরের লোকসান ও বিপদ আটকাতে এই এরিয়াল বাঞ্চ কেবলের ব্যবহার শুরু হয়। কিন্তু হাই ভোল্টেজে তিনটি কেবল থাকে। ওই তার সেই চাপ নিতে পারছে না। তখনই আগুন ধরার ঘটনা ঘটছে। এমনকি অনেক সময় ট্রান্সফারমারও ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্থানীয় বাসিন্দা জয়গোপাল দে বলেন, কেন এ ভাবে দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ চলে যাবে? এমনকী, কিছু জানতে চাইলেই দায়সারা জবাব। বিলের বেলায় রক্ষা নেই। নতুন লাগানো কেবল আগুনে গলে পড়ে যাচ্ছে। অবিলম্বে প্রশাসন ব্যবস্থা নিক। স্থানীয়দের একাংশের অভিযোগ, সমস্যা হলে যে ঠিকা শ্রমিকরা কাজ করতে আসছেন তারাও দক্ষ নন। ফলে সমস্যা মেটাতে দীর্ঘ সময়ে লেগে যাচ্ছে। এলাকার প্রৌঢ় বাসিন্দা আনন্দগোপাল গোস্বামী বলেন, আমি পক্ষাঘাতে ভুগছি। দুঃসহ গরমে নরক যন্ত্রণা ভোগ করেছি। মঙ্গলবার বেলা বাড়তেই কারেন্ট অফ হয়ে গিয়েছিল। বিকেলের দিকে কারেন্ট এলেও লো ভোল্টেজ। শিশু, অসুস্থ, বৃদ্ধ মানুষেরা গরমে চরম বিপন্ন হয়ে পড়ছেন। অনুরোধ করছি গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হোক। যদিও ভট্টাচার্য পাড়া সহ এলাকার বাসিন্দাদের আশঙ্কা ফের এই ধরনের ঘটনা ঘটতে পারে।

