বিশ্বকর্মা পূজোয় মানবিক উদ্যোগ, ক্ষুদে পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল গলসি সাব ট্রাফিক
নিজস্ব প্রতিনিধি, গলসি: বিশ্বকর্মা পূজোর আনন্দ এবার ছুঁয়ে গেল ক্ষুদে পড়ুয়াদেরও। পুজোর উৎসবের আবহের মধ্যেই শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে মানবিকতার নজির গড়ল গলসি সাব ট্রাফিক। গলসি সাব ট্রাফিকের উদ্যোগে আয়োজিত এই বিশ্বকর্মা পূজোকে ঘিরে সকাল থেকেই সাব ট্রাফিক চত্বর ছিল উৎসবের আমেজ।
সকালে বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বিকেলে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এলাকার ক্ষুদে শিশুদের হাতে খাতা, কলম-সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। নতুন শিক্ষা সামগ্রী হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। তাদের এই হাসিই যেন উৎসবের আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি থানার ওসি কৃপাসিন্ধু ঘোষ, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ট্রাফিক ইন্সপেক্টর বরুণ কুমার ঘোষ, ট্রাফিক ওসি পিকু দাস, গলসি থানার সাব-ইন্সপেক্টর জয়দেব দে, সমাজসেবী স্বরূপ চ্যাটার্জি এবং এলাকার জনপ্রিয় ভ্লগার নার্গিস খাতুন-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
বিশ্বকর্মা পূজোর আনুষ্ঠানিকতার পাশাপাশি শিশুদের শিক্ষার প্রতি উৎসাহিত করার এই উদ্যোগ উপস্থিত সকলের নজর কাড়ে। তবে পুজো মন্ডপে মধ্যে এ এস আই অপূর্ব মহন দাসের গাওয়া গানে মুদ্ধ হন উপস্থিত সকলেই।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। নৃত্য পরিবেশনায় আরও জমে ওঠে উৎসবের আবহ।
তবে এই আয়োজনকে সফল করে তুলতে গলসি সাব ট্রাফিক অফিসে কর্তব্যরত প্রত্যেক কর্মীর আন্তরিকতা ও পরিশ্রম বিশেষভাবে চোখে পড়ে। তাদের সম্মিলিত উদ্যোগ, সহযোগিতা ও দায়িত্বশীলতায় বিশ্বকর্মা পূজোর এই আয়োজন হয়ে ওঠে শুধু উৎসবের নয়, মানবিকতারও এক সুন্দর বার্তা।

