জেলা
৬৫ ঘণ্টা পর ফরাক্কায় সচল ডাউন লাইন
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, ফরাক্কা: টানা ৬৫ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে নিউ ফরাক্কা স্টেশনে স্বাভাবিক হল রেল পরিষেবা। গত কয়েক দিনের অতিবৃষ্টির জেরে আপ ও ডাউন রেললাইনের নীচের মাটি ধসে গিয়ে বড়সড় বিপত্তি ঘটেছিল। যার জেরে মালদহ ও হাওড়া-শিয়ালদহের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। তবে যুদ্ধকালীন তৎপরতায় রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীদের মেরামতির পর শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টার পর থেকে ফরাক্কার উপর দিয়ে ট্রেনের চাকা গড়াতে শুরু করেছে।
রেল সূত্রে জানানো হয়েছে, লাইনের নীচের ধসে যাওয়া অংশে বোল্ডার এবং মাটি ফেলে দ্রুত তা ভরাট করা হয়। রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে লাইনের সুরক্ষা পরীক্ষা করার পর ডাউন লাইনে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। আপাতত ওই লাইনে ট্রেন চলাচলে আর কোনও বাধা নেই। তবে সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেনের গতিবেগ কিছুটা নিয়ন্ত্রিত রাখা হচ্ছে।
গত তিন দিন ধরে ফরাক্কা লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল উত্তর ও দক্ষিণবঙ্গের হাজার হাজার যাত্রীকে। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছিল, বেশ কিছু ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় প্রথম ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেস ওই লাইন দিয়ে পার হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন নিত্যযাত্রী থেকে শুরু করে রেল কর্তৃপক্ষ।

