বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

রাতে বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারাজ সেতু, রুটবদল

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬
রাতে বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারাজ সেতু, রুটবদল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: গেট বদল এবং জরুরি সংস্কারের কাজের জন্য টানা পাঁচ দিন রাতে বন্ধ থাকতে চলেছে দুর্গাপুর ব্যারাজের সেতু। বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ ১১ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত এই সেতু দিয়ে সমস্ত ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। কাজ চলাকালীন বড়সড় দুর্ঘটনা বা ঝুঁকি এড়াতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে।

১৯৫৫ সালে তৈরি এই ঐতিহাসিক ব্যারাজে মোট ৩৪টি গেট রয়েছে। এর ওপর দিয়ে চলে গিয়েছে ওড়িশাগামী ৯ নম্বর রাজ্য সড়ক। দুর্গাপুরের সঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের মোট আটটি জেলার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সেতু। সেচ দফতর সূত্রে খবর, ২০১৬ সালে ব্যারাজের নিরাপত্তা সমীক্ষার পর ধাপে ধাপে ১৪টি দুর্বল গেট বদল ও মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৮ সাল থেকে দফায় দফায় সেই কাজ চলছে। এবারও পাঁচ দিন রাতে সেই কাজের জন্যই ট্র্যাফিক নিয়ন্ত্রণের এই নির্দেশিকা জারি করেছেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত।

সেতু বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে বিকল্প পথের ব্যবস্থা করেছে ট্র্যাফিক পুলিশ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া, দুর্গাপুর এবং কলকাতাগামী ভারী ও অন্যান্য যানবাহনগুলিকে বাঁকুড়ার হেভি মোড় থেকে গঙ্গাজলঘাটি হয়ে রানিগঞ্জের মেজিয়া সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এ ছাড়া, বাকি অন্যান্য গাড়ি বেলিয়াতোড় তিন মাথা মোড় থেকে সোনামুখী এবং বাঁকুড়া মোড় হয়ে বর্ধমানের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

তবে সাধারণ যাত্রীদের সুবিধার্থে এবং আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে কিছু ছাড়ও দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে উপযুক্ত সতর্কতা মেনে অ্যাম্বুল্যান্স ও ভিআইপি গাড়ি যাতায়াতের বিশেষ ব্যবস্থা রাখা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এই কদিন রাতে যাতায়াতের ক্ষেত্রে চালক ও সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ।