বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

জলমগ্ন কঙ্কালীতলা, দেবীর স্থান বদল শিবমন্দিরে

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬
জলমগ্ন কঙ্কালীতলা, দেবীর স্থান বদল শিবমন্দিরে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: গত কয়েক দিনের নাগাড়ে বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি প্লাবিত বীরভূমের বিস্তীর্ণ এলাকাও। টানা বর্ষণের জেরে এবার জলমগ্ন হয়ে পড়ল বোলপুরের ঐতিহাসিক সতীপীঠ কঙ্কালীতলা মন্দির চত্বর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বৃহস্পতিবার মায়ের গর্ভগৃহেও জল ঢুকে পড়ে। ফলে আপৎকালীন ব্যবস্থা হিসেবে এদিন দেবীকে মূল গর্ভগৃহ থেকে সরিয়ে পাশের শিব মন্দিরে স্থানান্তর করতে বাধ্য হন মন্দির কর্তৃপক্ষ ও সেবাইতেরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিনের একটানা ভারী বৃষ্টি এবং এলাকা দিয়ে বয়ে যাওয়া কুঁয়ে নদীর জলস্তর বাড়ার কারণে কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণ পুরোপুরি জলের তলায় চলে যায়। নাটমন্দির থেকে শুরু করে পুণ্যার্থীদের যাতায়াতের রাস্তা— সর্বত্রই এখন হাঁটু সমান জল। বৃহস্পতিবার সকালের দিকে পরিস্থিতি আরও জটিল রূপ নেয়, যখন জল ঢুকতে শুরু করে খোদ দেবীর গর্ভগৃহে। মন্দিরের প্রধান কুন্ড বা পবিত্র পুকুরটি উপচে চারপাশ প্লাবিত হয়ে যায়।
এই চরম পরিস্থিতির কথা বিবেচনা করে তড়িঘড়ি বৈঠকে বসেন মন্দির কমিটি ও সেবাইতরা। দেবীর বিগ্রহ ও পুজোর উপচারের সুরক্ষার স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়, সাময়িকভাবে দেবীর স্থান পরিবর্তন করা হবে। সেই মতো ধর্মীয় আচার ও নিয়ম মেনে কঙ্কালীতলার মূল গর্ভগৃহ থেকে দেবীকে সরিয়ে নিয়ে যাওয়া হয় মন্দির চত্বরেই একটু উঁচুতে অবস্থিত শিব মন্দিরে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং মূল গর্ভগৃহ থেকে জল সম্পূর্ণ না নামা পর্যন্ত শিব মন্দিরেই দেবীর নিত্যপুজো ও অন্যান্য ধর্মীয় রীতিনীতি পালন করা হবে।
মন্দির চত্বর এভাবে জলমগ্ন হয়ে পড়ায় দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। নিরাপত্তার কারণে মন্দির প্রাঙ্গণে সাধারণ মানুষের যাতায়াতেও কিছুটা নিয়ন্ত্রণ আনা হয়েছে। যত দ্রুত সম্ভব পাম্পের মাধ্যমে জল বের করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।