দেশ
ইথানল মিশ্রিত পেট্রল ঠেকাতে ‘জেন-জি’র ডাক কেজরিওয়ালের
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইথানল মিশ্রিত পেট্রলের জেরে গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে দেশকে রক্ষা করতে এবার সরাসরি আম জনতা ও ‘জেন জি’ (Gen Z)-র দ্বারস্থ হলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। নিজের দলের চেনা ক্যাডার বা চেনা রাজনৈতিক কর্মীদের ওপর ভরসা না রেখে, এই লড়াইকে একটি বৃহত্তর গণআন্দোলনের রূপ দিতে চাইছেন আপ প্রধান। এই উদ্দেশ্যেই আগামী ১ আগস্ট দিল্লির কনস্টিটিউশন ক্লাবে একটি ‘ইথানল বিরোধী সম্মেলন’-এর ডাক দিয়েছেন তিনি। কেজরিওয়ালের স্পষ্ট বার্তা, একমাত্র জনতার সম্মিলিত শক্তিই পারে এই প্রতিবাদকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিতে।এদিকে, নিট (NEET) বিতর্কের আবহে ‘ককরোচ জনতা পার্টি’র অভাবনীয় সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে ‘ই-টুয়েন্টি (E-20) জনতা পার্টি’।
নেটদুনিয়ায় হু হু করে বাড়ছে তাদের ফলোয়ার সংখ্যা। সোমবার এই নতুন দলের পক্ষ থেকেও কেন্দ্রকে চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সরকার যদি অবিলম্বে ইথানল মিশ্রিত তেলের ক্ষতিকর প্রভাব নিয়ে স্থায়ী সমাধান না খোঁজে, তবে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।অন্যদিকে, এই নীতি বদলের দাবিতে আন্দোলনের সুর চড়াচ্ছে দিল্লির ট্যাক্সিচালকদের সংগঠনও। ‘দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্যুরিস্ট ট্রান্সপোর্টার্স অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন’ আগামী ৪ আগস্ট সংসদ অভিযানের ডাক দিয়েছে। এই কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানিয়েছে তাদের সর্বভারতীয় সংগঠনও। দিল্লির সংগঠনের সভাপতি সঞ্জয় সম্রাট সাফ জানিয়েছেন, "ইথানল মিশ্রিত তেলের কারণে যে গাড়ির ইঞ্জিনের দফারফা হচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সরকার জোর করে প্রচার করছে যে গাড়ির কোনও ক্ষতি হয় না। কিন্তু রাস্তায় সবচেয়ে বেশি চলে ট্যাক্সি। তাই গাড়ির ভালো-মন্দ আমাদের চেয়ে ভালো কেউ বুঝবে না।" সরকারের অবিলম্বে এই জ্বালানি নীতি বদল করা উচিত বলে দাবি তুলেছেন তিনি।

