বালোচিস্তানে বিদ্রোহী হানা, ধাক্কা খেল পাক-মার্কিন খনিজ চুক্তি
নিজস্ব প্রতিনিধি: আমেরিকাকে বিরল খনিজ বা 'রেয়ার আর্থ মিনারেল' সরবরাহ করার যে বিশাল পরিকল্পনা পাকিস্তান হাতে নিয়েছিল, তা এখন বড়সড় ধাক্কার মুখে পড়েছে। বালোচিস্তানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের লাগাতার হামলার জেরে আমেরিকা অভিমুখে খনিজের নির্ধারিত চালান পাঠানো সম্ভব হয়নি। পরিস্থিতির চরম অবনতি হওয়ায় পাকিস্তানে কর্মরত মার্কিন প্রতিষ্ঠান ‘ইউএস স্ট্র্যাটেজিক মেটালস’ (ইউএসএসএম)-এর করাচি ও ইসলামাবাদের কার্যালয়ে কাজকর্ম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
পাকিস্তানের খনিজ সম্পদের সিংহভাগই ছড়িয়ে রয়েছে অশান্ত বালোচিস্তান প্রদেশে, যার মধ্যে চাগাই জেলার রেকো দিক খনি অন্যতম গুরুত্বপূর্ণ। কিন্তু বেশ কিছুদিন ধরেই বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) সহ একাধিক বিদ্রোহী গোষ্ঠী খনি এলাকার সঙ্গে সংযোগকারী সড়ক ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে। একের পর এক হামলার ঘটনা ঘটায় মার্কিন ও বিদেশি কর্মীদের নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি এই অঞ্চলে কাজ করা কানাডার নামী খননকারী সংস্থা ‘ব্যারিক গোল্ড’-ও নিরাপত্তা সংকটের মুখে পড়ে তাদের কাজকর্ম গুটিয়ে নেওয়ার কথা ভাবছে বলে জানা যাচ্ছে।
এই পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছে ইসলামাবাদ। একদিকে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ হাতছাড়া হওয়ার ভয়, অন্যদিকে আন্তর্জাতিক মহলে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেল। বালোচিস্তানের এই অস্থিরতা পাকিস্তানের অর্থনীতিকে আরও খাদের কিনারে ঠেলে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় সেনা মোতায়েন বাড়ালেও ক্ষোভের আগুন কতটা নেভানো যাবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

